আখতারুজ্জামান জামায়াতের নেতা না, সদস্য মাত্র: এটিএম আজহার
- আপডেট সময় : ০৫:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 1
জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা বলা হচ্ছে, অথচ তিনি দলের প্রাথমিক সদস্য মাত্র। বিমানবন্দরে প্রতিবাদ করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রংপুর বিভাগের জামায়াতের ১৪ জন সংসদ সদস্যসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কেন প্রতিবাদ করা হলো বা তার কী অপরাধ ছিল, তা তদন্তের আগেই মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াতের কোনো নেতা কিছু বললে তা পত্রিকায় ছাপানো হয় না। কিন্তু তার ব্যাপারে যদি এমন কোনো কথা আসে, যাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে, তাহলে তাকে নেতা বানিয়ে দেওয়া হয় বলে দাবি করেন আজহারুল ইসলাম।
তিনি বলেন, টকশোতে যারা কথা বলেন, তারাই আবার বলেন যে জামায়াতে গেলেই নেতা হওয়া যায় না। অথচ কালকে দেখতে পেলাম আখতারুজ্জামান ভাইকে জামায়াতের নেতা বানিয়ে দেওয়া হয়েছে কারণ জনগণকে বিভ্রান্ত করা। উনি (আখতারুজ্জামান) জামায়াতের নেতা না। তিনি সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন। জামায়াতে প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, তারপর সদস্য এবং এরপর নেতা হওয়া যায়। আখতারুজ্জামান ‘সিম্পল’ সদস্য মাত্র।
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে আজহারুল ইসলাম মন্তব্য করেন, সমস্যা সমাধান না করে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। আইনের আশ্রয় নেওয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের পথ বেছে নেওয়া হচ্ছে, যা সরকারের জন্য সুখকর হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, জেল-জুলুম দিয়ে বিরোধী দলকে দমন করা যাবে বলে যদি তারা মনে করে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।
প্রসঙ্গত, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।


















