কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীর নিয়োগে বয়স ও স্থায়ী ঠিকানা জালিয়াতির অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 2
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মচারীর নিয়োগকে কেন্দ্র করে বয়স ও স্থায়ী ঠিকানা সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহিদুল ইসলাম বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকায় অডিটর পদে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়।
অভিযোগ রয়েছে, ২০০৪ সালে তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরছড়া গ্রামকে নিজের স্থায়ী ঠিকানা দেখিয়ে রাঙ্গামাটি জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরিতে যোগদান করেন। নিয়োগসংক্রান্ত তথ্যে তাঁর ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে—গ্রাম: বান্দরছড়া, মৌজা/মহল্লা: ১৯০, ইউনিয়ন: বান্দরছড়া, ডাকঘর: গোমতি, উপজেলা: মাটিরাঙ্গা, জেলা: খাগড়াছড়ি।
স্থানীয় পর্যায়ে অনুসন্ধানের দাবি অনুযায়ী, উল্লিখিত ঠিকানায় মহিদুল ইসলামের স্থায়ী বসবাস বা অস্তিত্বের কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগকারীদের দাবি, চাকরি পাওয়ার উদ্দেশ্যে তিনি প্রকৃত ঠিকানার পরিবর্তে অন্য একটি ঠিকানা ব্যবহার করেছেন।
এ ছাড়া তাঁর বয়সসংক্রান্ত সনদ নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ২০০৪ সালের আগে তিনি একটি প্রকল্পে চাকরি করতেন। ওই প্রকল্পে কর্মরত থাকা অবস্থায় তাঁর বয়স সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়সসীমা অতিক্রম করে যায়। পরবর্তী সময়ে এসএসসি সনদের ফটোকপিতে বয়স পরিবর্তন করে কম দেখিয়ে চাকরি নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, নিয়োগের পর বেতন-ভাতা উত্তোলনের সময় রাঙ্গামাটি হিসাবরক্ষণ কার্যালয় থেকে তাঁর বেতনসংক্রান্ত বিষয়ে আপত্তি তোলা হয়েছিল। পরবর্তীতে কীভাবে ওই আপত্তির নিষ্পত্তি হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা সংশ্লিষ্ট নথি ও তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অভিযোগের পক্ষে এখনো কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি।
এসএসসি সনদ যাচাই হলেই বেরিয়ে আসতে পারে প্রকৃত তথ্য
সংশ্লিষ্ট ব্যক্তির এসএসসি সনদের মূল তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে যাচাই করা হলে তাঁর প্রকৃত জন্মতারিখ ও শিক্ষাগত তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। পাশাপাশি ২০০৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র, বয়স প্রমাণের কাগজপত্র, স্থায়ী ঠিকানার সনদ, যোগদানপত্র এবং বেতনসংক্রান্ত হিসাবরক্ষণ নথি পরীক্ষা করা জরুরি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, নিয়োগের সময় দাখিল করা সনদ ও ঠিকানার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।















