ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ
- আপডেট সময় : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 18
দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাংলাদেশি ইলিশ ভারতে রপ্তানির পর পুনঃরপ্তানির অভিযোগ তুলে রপ্তানি বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদসচিব, বাণিজ্য মন্ত্রণালয় ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ইলিশ বাংলাদেশের একটি মূল্যবান ভৌগোলিক নির্দেশক (জিআই) সম্পদ। বর্তমানে দেশের বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত উঠেছে। ফলে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জাতীয় এই মাছ।
নোটিশে আরও অভিযোগ করা হয়, দেশের বাজারে সংকট ও উচ্চমূল্য থাকা সত্ত্বেও অতীতে তুলনামূলক কম দামে ভারতে ইলিশ রপ্তানি করা হয়েছে। ভারতীয় কিছু আমদানিকারক বাংলাদেশ থেকে ইলিশ এনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে বেশি দামে পুনঃরপ্তানি করে মুনাফা করছে বলেও এতে দাবি করা হয়।
আইনি নোটিশে বলা হয়েছে, এ ধরনের পুনঃরপ্তানির কারণে বাংলাদেশ সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতে পারে। এ প্রসঙ্গে সংবিধানের ২১(১) অনুচ্ছেদে রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানিসংক্রান্ত কোনো প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত না নেওয়া, দেশের বাজারে ইলিশের সরবরাহ বাড়িয়ে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে আন্তর্জাতিক বাজারে সরাসরি রপ্তানির জন্য স্থায়ী নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।













